আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ ডিসেম্বর: বলা হয় কুকুর প্রভুভক্ত প্রাণী। বর্তমানে বিভিন্ন বাড়িতে কিংবা প্রতিষ্ঠানে সারমেয়দের পোষ্য হিসেবে প্রতিপালন করা হয়। তাই সাধারণ মানুষের মধ্যে পোষ্য প্রেম জাগিয়ে তুলতে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হয় ডগ শো। এবারেও একই উদ্যোগ গৃহীত হয়েছে। রায়গঞ্জ শহরের মার্চেন্ট ক্লাব ময়দানে শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে এই অনুষ্ঠান তৃতীয় বর্ষে পদার্পন করল। যেখানে প্রায় ১০০-র অধিক সারমেয় অংশ নিয়েছে। অনুষ্ঠানে অংশ নিয়ে আদরে আবদারে গদগদ সারমেয়রা। ল্যাজ নাড়িয়ে যা প্রকাশ করে তারা।

অনুষ্ঠানে উপস্থিত পশু চিকিৎসক ডঃ রাকেশ মন্ডল বলেন, মূলতঃ ব্রিড ও ওবিডিয়েন্সি এই ২ টি ক্যাটাগরিতে ভাগ করে সারমেয়দের প্রতিযোগীতায় নামানো হয়েছে। এছাড়াও দেশি তথা পথ কুকুরদের জন্যও রয়েছে পৃথক একটি ইভেন্ট। একদিকে ৪ মাস থেকে ১২ মাস, অপরদিকে ১২ মাস থেকে তার বেশি বয়সী কুকুরদের ২ টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়। এছাড়াও বেস্ট ইন শো স্থানাধিকারিদের জন্য ছিল বিশেষ পুরস্কার। এখানে ল্যাবরাডর, জার্মান শেপার্ড, ডোবারম্যান সহ একাধিক প্রজাতির সারমেয়রা অংশ নেয়।
ডগ শোয়ের অন্যতম উদ্যেক্তা দেবতোষ মুখর্জি বলেন, ২০১৮ সালে এই শো শুরু হয়েছিল। এখানে পূর্ণাঙ্গ সুস্থ কুকুরদের সামিল করা হয়। শোয়ের মধ্যে দিয়ে কুকুরদের সুষ্ঠ প্রতিপালন প্রক্রিয়া ঘিরে সচেতন করা হয় সাধারণ মানুষকে। অন্যদিকে এই শোয়ে অংশ নিয়ে বেশ উৎসাহিত পোষ্যদের মালিকরা।

