স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ ফেব্রুয়ারি: দাবি মতো তোলা না দেওয়ায় হুমকির মুখে পড়তে হল এক চিকিৎসককে। ভাঙ্গচুর করা হল তার বাড়ির সীমানা পাঁচিল ও টিউবওয়েল। ঘটনাটি শান্তিপুর থানার শ্যামবাজার এলাকার।
অভিযোগ, শান্তিপুরের ফুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সুজন দাস শান্তিপুর শ্যামবাজার এলাকায় দেড় কাঠা জমি কেনেন। এরপর তিনি সেই জমি পাঁচিল দিয়ে ঘিরে একটি টিউবওয়েল বসান।অভিযোগ, স্থানীয় একটি ক্লাবের সদস্যরা তার কাছে চার লক্ষ টাকা দাবি করে ওই এলাকায় জমি কেনার জন্য। দাবি মতো টাকা না দিতে পারায় ওই ক্লাবের সদস্যরা চিকিৎসক সুজন দাসের বাড়ির সীমানা পাঁচিল ও টিউবওয়েল ভাঙ্গচুর করে। এই ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন চিকিৎসক।

অভিযোগ অস্বীকার করে ক্লাবের তরফ থেকে বলা হয়েছে বাড়ির সীমানা পাঁচিল ও টিউবওয়েল ভাঙ্গচুরের সঙ্গে ক্লাবের কোনো সদস্য জড়িত নেই। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পুরভোটের আগে এই ঘটনায় শান্তিপুরের শ্যামবাজার এলাকায় স্বাভাবিকভাবেই সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

