উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে কাঠের কারখানা ও গোডাউনে বিদ্ধংসী আগুন

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩ মার্চ:
মছলন্দপুরের রাম-সীতা পল্লী এলাকায় একটি কাঠের কারখানা ও গোডাউনে ভয়াবহ আগুন। বুধবার ভোরে এই আগুন লাগে। কাঠের কারখানার গোলাতে শুকনো কাঠ মজুদ ছিল, ওই কারখানায় এদিন ভোরে হঠাৎই ভয়াবহ আগুন লেগে যায়। আগুন ক্রমেই বিধ্বংসী রূপ নেয়।

এলাকায় রাত পাহারায় থাকা সিভিক ভলান্টিয়ারা আগুন দেখতে পেয়ে থানায় খবর দেন। হাবড়া, গোবরডাঙা ও অশোকনগর থেকে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। কারখানা লাগোয়া প্রতিবেশীরা জানান, প্রায় ১০ বছর ধরে স্থানীয় বাসিন্দা কিশোর কল্যাণ দে কারখানা তৈরি করেছে সম্পূর্ণ বেআইনিভাবে পুকুর ভরাট করে। মালিক নিজেই ইন্স্যুরেন্সের টাকা তোলার জন্য এই আগুন লাগিয়েছে। যদিও কাঠগোলার মালিক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান, সর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাঁর কোনও ইন্সুরেন্স করানো নেই। এলাকাবাসীর আপত্তি থাকলে কারখানা বন্ধ করে দেওয়া হবে। দমকল বাহিনী গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় হতাহতের খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *