আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ অক্টোবর: জলপাইগুড়ির মালবাজারে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখতে শুক্রবার বিজেপির এক প্রতিনিধি দল সেখানে যাবে। তাঁদের নাম-পরিচয় ও সফরের সময়ের উল্লেখ করে তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি’কে চিঠি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
ওই চিঠিতে যাঁদের নামোল্লেখ হয়েছে তাঁরা হলেন দলের জাতীয় কার্যকরী কমিটির সদস্য জয়ন্ত রায়, দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক দীপক বর্মণ, বিধানসভায় দলের মুখ্য সচেতক তথা রাজ্য কার্যকরী কমিটির সদস্য মনোজ টিগ্গা, বিধায়ক রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ, দলের জলপাইগুড়ি জেলার সভাপতি বাপি গোস্বামী প্রমুখ। ন’জনের ওই দলে থাকার কথা আরও চার বিধায়ক পুনা ভেংরা, কৌশিক রায়, বিষ্ণুপদ রায় ও শিখা চৌধুরীর।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ১০ বছরের এক বালিকাও রয়েছে। গতকাল মাঝরাত পর্যন্ত চলে উদ্ধার কাজ। তারপর প্রবল বৃষ্টির জেরে উদ্ধার কাজ সাময়িক বন্ধ হয়। বৃহস্পতিবার সকালে নদীর বিভিন্ন অংশে চালানো হবে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, ৭০টি প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়েছিল। তার মধ্যে ২৫ থেকে ৩০টি প্রতিমা বিসর্জনের পরই বিপর্যয় ঘটে।
প্রসঙ্গত, জলপাইগুড়ির মাল নদীতে গতকাল প্রতিমা বিসর্জনের সময় ৮ জন সিভিল ডিফেন্সের কর্মী ছিলেন ঘটনাস্থলে। সিভিল ডিফেন্সের এক কর্মী জানিয়েছেন, তাঁদের কাছে দড়ি ছাড়া কিছু ছিল না। বিপর্যয় যখন ঘটে, তখন যদি সিভিল ডিফেন্সের আরও কর্মী থাকতেন, তাহলে দ্রুত উদ্ধারকাজ করা যেত বলে তাঁর দাবি।

