মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য দপ্তরের এক সদস্যের প্রতিনিধি দল, বৈঠক জেলার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী পরিষেবা নিয়ে বারবার উঠছিল প্রশ্ন। এরই মাঝে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য ভবনের কর্তাদের। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য দপ্তরের এক সদস্যের একটি প্রতিনিধি দল এসে পৌঁছায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন বিভাগ।

কথা বলেন হাসপাতালের সুপার এবং মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সাথে। এরপরই একটি উচ্চপর্যায়ের বৈঠক হয় মেডিকেল কলেজে। বৈঠকে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারীক ডক্টর সৌম্য শংকর সারেঙ্গী, মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মৌসুমী নন্দি, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার সহ জেলার স্বাস্থ্যকর্তারা।

এ দিনের বৈঠকে ক্যাথ ল্যাব, গাইনোকোলজি, অর্থোপেডিক সহ একাধিক ওয়ার্ডের পরিকাঠামো নিয়ে কথা হয়। স্থানান্তর কমাতেও একাধিক বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা আলোচনা করা হয় এই বৈঠকে। স্বাস্থ্য কর্তা কথা বলেন ডাক্তারি পড়ুয়াদের সঙ্গেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *