টহলদারি নেই পুলিশের! বালুরঘাট হাসপাতালে একই রাতে দুটি অ্যাম্বুলেন্সে দুঃসাহসিক চুরি

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ নভেম্বর: ক্যাম্প থাকলেও টহলদারি নেই পুলিশের। ভগবানের ভরসায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। একইরাতে চুরি হাসপাতালের পার্কিংয়ে রাখা দুটি আইসিইউ অ্যাম্বুলেন্সের যাবতীয় সামগ্রী। ইঁট দিয়ে কাঁচ ভেঙ্গে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা যাবতীয় জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট হাসপাতাল চত্বরে। গাড়ির মালিকদের দাবি, সব মিলিয়ে আনুমানিক ১০-১২ লক্ষ টাকার জিনিস চুরি গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গেছে, কর্তৃপক্ষের নির্দেশে বেশকিছুদিন আগে বালুরঘাট হাসপাতাল চত্বরেই গড়ে উঠেছে অ্যাম্বুলেন্সের পার্কিং। যেখানেই অধিকাংশ অ্যাম্বুলেন্স পার্কিং করা থাকে। এদিকে হাসপাতালের নিরাপত্তা ও চটজলদি পরিষেবার সুবিধার্থে জরুরি বিভাগের সামনেই রাখা হয়েছ অস্থায়ী একটি পুলিশ ক্যাম্প। যেখান থেকে নজরদারি চালাবার নির্দেশ থাকলেও কার্যত ঘুমিয়েই দিন কাটান সেখানকার পুলিশ কর্মীরা বলে অভিযোগ রোগী ও তার বাড়ির লোকেদের। আর এর জেরেই এক চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিয়েই চলছে জেলা হাসপাতাল। অনেকে আবার বলছেন, ভগবানের ভরসাতেই চলছে হাসপাতালের নিরাপত্তা। এদিন সকালে হাসপাতাল চত্বরে থাকা দুটি অ্যাম্বুলেন্সে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে আসতেই কার্যত কাঠগড়ায় দাঁড়িয়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। যাকে ঘিরে ক্ষোভ উগড়েছেন রোগীর পরিবারের লোকেদের পাশাপাশি অ্যাম্বুলেন্সের চালকরাও।

অ্যাম্বুলেন্সের চালক বাবু দাস এবং অ্যাম্বুলেন্সের মালিক সনত দত্তরা বলেন, হাসপাতাল চত্বরেও তাদের গাড়ির নিরাপত্তা নেই। গাড়ির কাঁচ ভেঙ্গে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *