অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ মার্চ: পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ছাতিনাশোল বাজারে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ভোলা গ্রামের বাসিন্দা রাম সিং বয়স ৫১ বছর ছাতিনাশোল থেকে রেশন নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ছাতিনাশোল বাজারের কাছে শিলদা নয়াগ্রাম রুটের একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়েন রামবাবু। তারপরে স্থানীয়রা ও গোপীবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি রাম সিংকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ বাসটিকে আটক করেছে, তবে চালক পলাতক।

