আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ ডিসেম্বর: নারী শক্তিকে তুলে ধরতে ও নারীরা সব পারে, এই বার্তাকে সামনে রেখে এবং সবুজায়ন ও ফিট ইন্ডিয়ার প্রচারের উদ্দেশে গৌহাটি থেকে দিল্লির উদ্দেশে শুরু হয়েছে সাইকেল র্যালি। এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এনসিসি’র মহিলা ক্যাডাররা। বুধবার এই সাইকেল র্যালি জলপাইগুড়ি এসে পৌছোয়। ডাইরেক্টর জেনারেল এনসিসি নিউ দিল্লির উদ্যোগে এই কর্মসুচি।
উত্তরপ্রদেশ এনসিসি ডাইরেক্টরেটের ১৪ জন সিনিয়ার উইং মহিলা ক্যাডেট সাইক্লোথন নামের এই র্যালিতে অংশ নিয়েছেন। এদিন এই র্যালির কমান্ডার তথা এনসিসির ডেপুটি গ্রুপ কমান্ডার (বারানসি) কর্নেল অঞ্জন সেনগুপ্ত বলেন, গত ২২ ডিসেম্বর অসমের গৌহাটিতে রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া এই র্যালির ফ্ল্যাগ আপ করেন। অসম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এই চার রাজ্য পেরিয়ে দিল্লিতে আগামী ২৮ জানুয়ারি র্যালি শেষ হবে। সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী র্যালির এই দলটির ফ্ল্যাগ ইন করবেন। মহিলা ক্যাডারদের নিয়ে শুরু করা সাইক্লোথন মোট ২১০৭ কিলোমিটার পথ অতিক্রম করবে বলে জানান তিনি।”

এদিন বিকেলে সাইকেল র্যালিটি জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ে এসে পৌছায়। সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ব্রিগেডিয়া তথা এনসিসি গ্রুপ কমান্ডার জয়দীপ যাদব, ৬১ বেঙ্গল ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার কর্নেল এস আর বিশ্বাস সহ এনসিসি পড়ুয়ারা।
ব্রিগেডিয়ার জয়দীপ যাদব বলেন, “এনসিসি মেগা সাইক্লোথন হচ্ছে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নারীরা সব পারে এই বার্তা তুলে ধরা হচ্ছে।”
সাইকেল র্যালিতে অংশগ্রহণ করা এক মহিলা ক্যাডার অশ্রিতা বারিক বলেন, “সাইকেল র্যালি অসম থেকে শুরু হয়েছে সম্পূর্ণ হবে দিল্লিতে। সেখানে প্রধানমন্ত্রীর সামনে অনুষ্ঠান হবে।”

