ধারে মদ না দেওয়ায় মদের দোকানের কর্মীকে কাটারি দিয়ে এলোপাতাড়ি কোপ, বেলিয়াতোড়ে ধৃত অভিযুক্ত

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ আগস্ট: মদের দোকানে ঢুকে দোকানের কর্মীকে কাটারি দিয়ে এলোপাতাড়ি কোপ মারার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্হানীয় সূত্রে জানাগেছে, ধারে মদ দিতে রাজী না হওয়াতে ওই কর্মীকে কাটারি দিয়ে কোপায় ওই ব্যাক্তি। মদের দোকানের সিসিটিভি ফুটেজে সেই ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চঞ্চল ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার বৃন্দাবনপুর গ্ৰামে।

পুলিশ সূত্রে জানা যায় যে, লাইসেন্স প্রাপ্ত ওই মদের দোকানে শীতল ঘোষ নামে এক কর্মচারি বসেছিলেন। দোকানে তেমন ক্রেতা ছিল না। তখন সাগর কাটা গ্রামের বাসিন্দা প্রবীর মন্ডল দোকানে ঢুকে ওই কর্মচারিকে কাটারি দিয়ে কোপ মারে এবং তিনি মাথায় ও হাতে চোট পান। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বেলিয়াতোড় থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে এবং কাটারিটি উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মদের দোকানের জন্য এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *