পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের খয়েরুল্লা চক নবোদয় দীপ্তি সংঘের জগদ্ধাত্রী পুজোর এবার ২০ তম বর্ষ। প্রতি বছরের মতো এবারও পুজো উপলক্ষে মণ্ডপ প্রাঙ্গণে বসেছে মেলার আসর। প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মণ্ডপের চারিদিকে সহ আশপাশের এলাকা সেজে উঠেছে রঙিন আলোয়।

ক্লাবের উদ্যোক্তাদের পক্ষে সঞ্জীব দাস, সানি চন্দ, অমর দে, তাপস বারই প্রমুখরা জানান, প্রতিবছরই মাতৃ আরাধনার সাথে সাথেই তাঁরা বেশ কিছু সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন থাকেন। দু’বছরের করোনার আবহ কাটিয়ে প্রতিদিনই মন্ডপে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। রবিবার সন্ধ্যায় এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়া, বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক ড: মধূপ দে, বিশিষ্ট রবীন্দ্র গবেষক তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড: বিবেকানন্দ চক্রবর্তী, ‘শিক্ষারত্ন ‘ শিক্ষিকা আল্পনা দেবনাথ বসু, বিশিষ্ট উদ্যোগপতি চন্দন বসু, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল, কর্মাধক্ষ্য দিলীপ দে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

