পুরুলিয়ায় সূচ কাণ্ডের দুই অপরাধীকে ফাঁসির আদেশ দিল আদালত

সাথী দাস, পুরুলিয়া, ২১ সেপ্টেম্বর: সূচ কাণ্ডের দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যু দণ্ডের আদেশ দিল পুরুলিয়া জেলা আদালত। মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতের জেলা ও দায়রা বিচারক রমেশ কুমার প্রধান এই রায় দেন। এছাড়াও সাজাপ্রাপ্ত সনাতন গোস্বামী ওরফে ঠাকুর এবং মঙ্গলা গোস্বামীর ৫০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেন তিনি।

২০১৭ সালের জুলাই মাসে সাড়ে তিন বছরের শিশুকন্যাকে সূচ ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগ ওঠে অবসরপ্রাপ্ত হোমগার্ড সনাতন ঠাকুর ও শিশুকন্যার মা মঙ্গলা গোস্বামীর বিরুদ্ধে। পুরুলিয়ার মফস্বল থানার নদীয়াড়া গ্রামের এই ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল গোটা রাজ্যের সাথে সাথে দেশেও। দীর্ঘ চার বছর বিচার প্রক্রিয়া চলার পর পুরুলিয়া জেলা আদালতের বিচারক রমেশ কুমার প্রধান দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আজ অভিযুক্তদের মৃত্যুদন্ড ঘোষণা করা হয় বলে জানান এই মামলার সরকার পক্ষের আইনজীবী আনোয়ার আলি আনসারী। তিনি বলেন, “দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন বিচারক। একই সঙ্গে দুই সাজাপ্রাপ্তকে ৫০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দেন তিনি।”

সাজা শোনানোর পর আদালত চত্বরে তেমন কোনও প্রতিক্রিয়া দেননি সনাতন। শুধু বলেন, “আমি কিছুই শুনিনি।” আগের দিন নাটকীয়ভাবে লুটিয়ে পড়লেও আজ মঙ্গলা চুপচাপ এজলাসে আসেন এবং ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *