গাইঘাটায় দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২৪ আগস্ট: ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক দম্পতির। বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার কলাসিমা কাঁচারাস্তা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ও ঠিকানা এখনও উদ্ধার করা যায়নি। তাঁরা একটি মোটরবাইকে ছিলেন।

স্থানীয় সূত্রের খবর, ওই দম্পতি একটি স্কুটি চালিয়ে গাইঘাটা থেকে হাবড়ার দিকে যাচ্ছিল। সেই সময় একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে। বৃষ্টি ভেজা রাস্তায় স্কুটি নিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায়। ওই ব্যক্তির মাথায় এমন আঘাত লাগে যে চেনার উপায় নেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দম্পতির। ঘটনার পর বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গাইঘাটা থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *