স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ জুলাই:
প্রাপ্য টাকা চাইতে গিয়ে ব্যাঙ্ক কর্মী এবং বহিরাগত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক গ্রাহক সহ তার স্ত্রী। ব্যাঙ্কের ভেতরে আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুই ব্যাঙ্ক কর্মীসহ বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নতুন হাট এলাকার কৃষি উন্নয়ন সমিতি ব্যাঙ্কে।
সূত্রের খবর, সুত্রাগড় গাইন পাড়ার বাসিন্দা আজিজুল বিশ্বাস। দীর্ঘ ২৩ বছর ধরে কৃষি উন্নয়ন সমিতি ব্যাঙ্কে তিনি টাকা জমা রাখতেন। আজিজুল বিশ্বাস জানান, প্রায় ১৯ লক্ষ টাকা ওই ব্যাঙ্কে মজুত রয়েছে। কিন্তু দীর্ঘ দুই বছর ধরে সেই টাকা চাইতে গেলে তাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হতো। এর আগেও ওই ব্যাঙ্কের টাকা তছরুপের বিভিন্ন অভিযোগ উঠেছিল। যার ফলে একাধিক ব্যাঙ্কের গ্রাহকরা হয়রানির শিকার হয়েছিল।

অভিযোগ, দিন কয়েক আগে ওই ব্যাঙ্কের ম্যানেজার দেবাশীষ রায়ের বাড়িতে টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সেখানেও তার বাড়ির সদস্যরা আজিজুল বিশ্বাসের স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ। এদিন আবারও ওই ব্যাঙ্কে টাকা চাইতে গেলে আজিজুল বিশ্বাসকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। তার স্ত্রী স্বামীকে বাঁচাতে গেলে তাকে বেধড়ক মারধর ও শারীরিক হেনস্থা করা হয়। এর পরেই ওই দম্পতি শান্তিপুর থানায় ব্যাঙ্ক কর্মী এবং বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

