স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪ মে: এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার ভাগশোড় এলাকায়।
জানাগেছে, নিহত ওই ব্যক্তির নাম মহম্মদ ইসলাম। বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি চাকুলিয়া থানার গোদাশিমূল এলাকায়। বুধবার সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি মাঠ থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে পরিবারের সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা রাস্তা থেকে কিছু দূরে একটি মাঠে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভীর জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি ঠিকাদারি কাজের সাথে যুক্ত ছিল। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ হয়ে যান তিনি। তাকে ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ ছিল বলে জানান পরিবারের সদস্যরা। পরিবারের লোকজনের অভিযোগ তাকে কেউ ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। এই ঘটনায় যারা জড়িত আছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তুলেছে পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকায় মানুষ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকুলিয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে।

