আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জালাই: পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের অফিসের সামনে কালেক্টরেট মোড়ে শহিদ ক্ষুদিরাম বসুর যে আবক্ষ মূর্তি রয়েছে তার চারপাশের আবর্জনা পরিষ্কার করল মেদিনীপুর সমন্বয় সংস্থা। মূর্তির চারপাশের রেলিং বছরের বেশিরভাগ সময় বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিজ্ঞাপনে ঢেকে থাকে। বেশ কিছুদিন ধরে মূর্তি সংলগ্ন স্থান নানা আগাছা ও বেশকিছু অবাঞ্ছিত গাছগাছালিতে এমনভাবে ঘেরা ছিল যে মূর্তির মুখটাই ঠিকঠাক দেখা যেত না। মূর্তির আশপাশ সাফাইয়ের বিষয়ে প্রশাসনিক তৎপরতাও সেভাবে নজরে আসেনি।

বুধবার সকালে মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের উদ্যোগে এবং সংস্থার মুখ্য উপদেষ্টা অধ্যাপক মন্টু রাম জানার নেতৃত্বে মূর্তির পাদদেশ সংলগ্ন স্থানের আগাছা পরিষ্কার করা হয়। এরপর ওই এলাকাটিতে ব্লিচিং পাউডার ছড়ানো হয়। সাফাই শেষে শ্রদ্ধা জানিয়ে মূর্তিতে মাল্যদানও করা হয়।এদিনের সাফাই অভিযানে অংশগ্ৰহণ করেন আঞ্চলিক ইউনিটের সহকারি সম্পাদক অমিতাভ দাস,বসংস্থার কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস,বসংস্থার কার্যকরি কমিটির দুই সক্রিয় সদস্য সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া ও শিক্ষক বিশ্বজিৎ সাহু প্রমুখ।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কেরানীটালার হেমচন্দ্র কানুনগোর মূর্তি সহ শহরের আরও অন্যান্য এলাকায় অবস্থিত বিভিন্ন মূর্তির চারপাশ বিভিন্ন বিজ্ঞাপনে বা আগাছায় ভরে রয়েছে। এগুলো সাফাইয়ে শীঘ্রই তাঁরা প্রশাসনের দ্বারস্থ যেমন হবেন পাশাপাশি তাঁরাও সংগঠনগতভাবেও সাফাইয়ের চেষ্টা করবেন। সংস্থার পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনকে শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত এই মুর্তি গুলোর চারাপাশে বিজ্ঞাপন না লাগানোর আর্জি জানানো হয়েছে।

