রাজেন রায়, কলকাতা, ২৭ জুলাই: সোমবারই হেস্টিংসে দলীয় কার্যালয় থেকে বচসা এবং হাতাহাতির জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি নেতা রাজু সরকার। এসএসকেএম হাসপাতাল থেকে রেফারের পর রাস্তাতেই তাঁর মৃত্যু হয়। এবার বিজেপি যুব মোর্চার রাজ্য সহ সভাপতির মৃত্যুতে দায়ের হল অস্বাভাবিক মৃত্যুর মামলা। বয়ান রেকর্ড করা হচ্ছে বিজেপি নেতাদের। সংগ্রহ করা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
হেস্টিংসে বিজেপির পার্টি অফিস থেকে বেড়িয়ে অসুস্থ হয়ে পড়েন রাজু সরকার নামে ওই নেতা। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার সময় হেস্টিংসে বিজেপির পার্টি অফিসে প্রতাপ বন্দ্যোপাধ্যায় সহ ১০-১১ জন নেতা উপস্থিত ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ পার্টি অফিস ছেড়ে বেড়িয়ে যান রাজু। অসুস্থ হওয়ার পর প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতাল। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যেহেতু অ্যাপোলোয় আনার আগেই মৃত্যু হয়েছে, তাই হাসপাতালের তরফে যোগাযোগ করা হয় হেস্টিংস থানার সঙ্গে।
বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্যের দাবি, অশান্তির ঘটনাই ঘটেনি। মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজনীতির চেষ্টা করছে তৃণমূল। তৃণমূলের দাবি, পার্টি অফিসে কী ঘটেছিল, তা প্রকাশ্যে আনুক বিজেপি। স্বাভাবিক ভাবেই মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

