রাজেন রায়, কলকাতা, ২৭ আগস্ট: উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালতে ইতিমধ্যে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। এবার প্রশ্ন উঠল রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ নিয়ে। ২০১৯ সালে রাজ্য পুলিশে কনস্টেবল পদে ৫০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলেও তাদের মধ্যে ৪৮ জনকে একই সম্প্রদায় থেকে নিয়োগ করা হয়েছে, এমনটাই অভিযোগ। তাই পুলিশে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল হাইকোর্টে। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে আদালতের তরফে রাজ্যকে হলফনামা জমা দিতে বলা হয়েছে।
জানা গিয়েছে, ২০১৯ সালে রাজ্য পুলিশে কনস্টেবল পদে ৫০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই মতো আবেদন পত্র জমা নিয়ে পরীক্ষাও হয়। গত জুন মাসে পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হলে দেখা যায়, সেখানে যে ৫০ জনের নাম রয়েছে, তার মধ্যে ৪৮ জনের নামই বিশেষ সম্প্রদায়ভুক্ত ব্যক্তির।
আদালতে মামলাকারীর অভিযোগ, মেধা তালিকাতেই স্পষ্ট, একটি বিশেষ সম্প্রদায়কে গুরুত্ব দিয়ে মেধাতালিকায় কারচুপি করা হয়েছে। বিষয়টি সামনে আসার পরই তাড়াতাড়ি এই সংক্রান্ত নিয়োগ নিয়ে একটি সার্কুলার জারি করে উল্লেখ করা হয়েছে, সংরক্ষণের নিয়মের জন্য বেশি সংখ্যক মানুষ এই বিশেষ সম্প্রদায় থেকে নেওয়া হয়েছে।
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ রাজ্যকে ১০ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এখন রাজ্য কী জবাব দেয়, সেটাই দেখার।

