গোপালনগরে কুপিয়ে মারা হলো এক ব্যবসায়ীকে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ অক্টোবর:ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ফুলবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যসায়ীর নাম তপন বিশ্বাস (৪০)। ফুলবাড়ি এলাকার একটি ফাঁকা মাঠ থেকে তপন বিশ্বাসের দেহ উদ্ধার হওয়ায় তুমুল হইচই শুরু হয় এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরেই তপনকে খুন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন’হাটা বাজারে টাকা সুদে খাটাতেন তপন। বৃহস্পতিবার রাতে, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের রাস্তার পাশের ফাঁকা মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় তপনের দেহের হদিশ মেলে। পরে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রাই তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন বলে খবর। তারা জানান, মাঠের পাশ দিয়ে কয়েক জন যাচ্ছিলেন, হঠাৎ তাদের নজরে পাড়ে একটি বাইক পড়ে আছে। এরপর তারা একটু এগিয়ে যেতেই দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে একটি দেহ। এরপর গোপালনগর থানায় তারা খবর দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে তপনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আগেই যা হওয়ার হয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ব্যবসায়ীর। পুলিশ সূত্রে খবর, নিহতের গলায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, কোনও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তপনকে। কিন্তু শুধুই কি ব্যবসায়ী শত্রুতার জেরে খুন? নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? তা জানতে তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। মাস দু’য়েক আগে, নরেন্দ্রপুর থানা থেকে ৫০০ মিটার দূরে এক শ্যুট আউটের ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছিল। ফের গোপালনগরে আর এক ব্যবসায়ী খুন হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *