স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ জানুয়ারি: পাওনা টাকা চাইতে গেলে এক জামাকাপড় ফেরিওয়ালা ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন আক্রান্ত ব্যবসায়ী।
জানা যায়, গতকাল শান্তিপুরের লক্ষ্মীনাথপুর এলাকায় দুর্যোধন ধারা নামে এক ব্যক্তির বাড়িতে পাওনা টাকা চাইতে গিয়েছিলেন শান্তিপুরের হরিপুর হরপ্রসাদ কলোনির বাসিন্দা শ্যামল কুন্ডু। অভিযোগ, পাওনা টাকা চাওয়ার শেষে বাড়িতে ফেরার সময় হঠাৎই দুর্যোধন ধারা নামে ওই ব্যক্তি পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ব্যবসায়ী শ্যামল কুন্ডুকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে শ্যামল কুন্ডু। যদিও পরিবারের কাছে খবর পৌছাতেই ছুটে যায় পরিবারের লোকজন। এরপর শ্যামল কুন্ডুকে উদ্ধার করে বাগআঁচড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। তবে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার কারণে শ্যামল কুন্ডুর মাথার বিভিন্ন অংশে গুরুতর ক্ষত হয়। জানা যায় বর্তমানে শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত শ্যামল কুন্ডু।

যদিও গতকাল রাতেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে শান্তিপুর থানার পুলিশ। আজ অভিযুক্তকে আদালতে তোলা হয়। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে দু’পক্ষের মধ্যে মারামারি হয় আহত হয় অভিযুক্ত দুর্যোধন ধারাও। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

