নদিয়ার চাপড়ায় পাচারকারীর গুলিতে জখম এক বিএসএফ জওয়ান

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ আগস্ট: পাচারকারীর গুলিতে জখম এক বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া সীমান্তের সিকরা কলোনি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। জখম হওয়া ঐ জওয়ানের নাম সতীশ কুমার।

সুত্রের খবর, ফেনসিডিল উদ্ধার করতে গিয়ে এমন ঘটনা ঘটে। বেশকিছুদিন ধরে চাপড়া থানার সীমান্ত এলাকায় পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে। বিএসএফ গোপন সুত্রে খবর পেয়ে গতকাল রাতে সিকরা এলাকার ঐ কলোনিতে তল্লাশি অভিযান চালাতে যায়। সেই সময় পাচারকারীরা সশস্ত্র অবস্থায় ছিল। আচমকা বিএসএসের উপর তারা হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যান জওয়ান সতীশ কুমার। এর পর পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ঐ জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন।

পরে ঘটনাস্থলে পৌছায় বিএসএফের এক দল জওয়ান। সেখানে তারা তল্লাশি চালিয়ে কিছু কার্তুজের খোল উদ্ধার করেছে। তাদের প্রাথমিক অনুমান পাচারকারীরা গুলি চালিয়েছিল তারই খোল এগুলি। এছাড়াও ঐ এলাকার কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে হাজার দুয়েক ফেনসিডিল বাজেয়াপ্ত করে বিএসএফ।

বিএসএফের তরফে জানানো হয়েছে, “ঐ এলাকাতে কয়েকদিন ধরে কিছু পাচারকারী জড়ো হয়েছিল, পাচারের উদ্দেশ্যে। সেইমত খবর পেয়ে আমরা অভিযান চালাই। সেই সময় আমাদের লক্ষ্য করে গুলি চালায় পাচারকারীরা। গুলিতে জখম হয় আমাদের এক জওয়ান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পরই আজ সকাল থেকে ঐ এলাকাজুড়ে বিএসএফ ও পুলিশের এক অভিযান শুরু হয়। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *