জগদ্দলে পরিত্যক্ত বাড়িতে লুকানো বোমা ফেটে জখম সাফাই কর্মী

আমাদের ভারত, ব্যারাকপুর, ২ মার্চ:
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বাড়ি পরিষ্কার করতে গিয়ে বাড়ির ভিতরে রাখা লুকানো বোমা বিস্ফোরণে মারাত্মক জখম হলেন এক সাফাই কর্মী। ওই সাফাই কর্মীর নাম সুধাংশু মন্ডল (৩৫)। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে। জখম ওই সাফাই কর্মীর বাড়ি ওই এলাকাতেই।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪/৫ বছর ধরে ২৪ নম্বর ওয়ার্ডে বারীন্দ্র ধাম নামে একটি পাকা বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওই বাড়িতে কেউ থাকতেন না। আগে যারা থাকতেন তাদের সকলেই মারা যাওয়ায় বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি ওই বাড়ির এক অংশীদার বাড়িটি বিক্রি করবেন বলে বাড়িটির ভেতরে পরিষ্কার করাচ্ছিলেন। মঙ্গলবার সকাল থেকে ২ জন সাফাই কর্মী ওই বাড়ির ভেতরে ঢুকে আগাছা পরিষ্কার করছিলেন। আকস্মিক বাড়ির ভেতর থেকে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। ছুটে গিয়ে তাঁরা দেখেন একজন সাফাই কর্মীর হাতের কব্জির বেশ খানিকটা অংশ উড়ে গেছে। ওই সাফাই কর্মী রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। অন্য এক সাফাই কর্মী গোটা ঘটনাটি প্রত্যক্ষ করেন। দ্রুত স্থানীয়রা জখম ওই সাফাই কর্মীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।

এদিকে ঘটনার পর দুর্ঘটনাস্থলে যান ভাটপাড়া পৌরসভার পৌর প্রশাসক হিমাংশু সরকার। তিনি বলেন, “পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বাড়িতে দুষ্কৃতীরা আস্তানা গেড়েছিল। ওরাই বোমা লুকিয়ে রেখেছিল, না হলে বোমা আসবে কি করে? এই সাফাই কর্মী যখন পরিষ্কার করছিল তখন অসতর্কতা বশত ওই বোমায় ভারী লোহার আঘাত পড়ে, তখনই বিস্ফোরণ হয় ওই বাড়ির ভেতরে। তাতেই জখম হন ওই সাফাই কর্মী। প্রশাসনকে বলেছি ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের খুঁজে বের করে শাস্তি দিতে।”

জগদ্দল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন আগে ওই বাড়িতে দুষ্কৃতীরা বোমা লুকিয়ে রেখেছিল। এদিকে সামনে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা। প্রত্যেকেই চাইছেন পুলিশ অবিলম্বে গ্রেপ্তার করুক দুষ্কৃতীদের। জগদ্দল থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *