বেআইনিভাবে গাছ কাটার সময় শান্তিপুরে গাছ পড়ে মৃত্যু বাইক আরোহীর, মৃতদেহ উদ্ধারে গিয়ে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত পুলিশ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ জানুয়ারি: অবৈধভাবে রাস্তার পাশে থাকা সরকারি গাছ কাটার সময় গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। মৃতদেহ উদ্ধার করতে গেলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের গাড়ি ভাঙ্গচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা। মৃতদেহ ঘিরে রাস্তা অবরোধ করে এখনো চলছে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের সগুনা এলাকায়।

জানা যায়, নদিয়ার নবদ্বীপ থানার বাহিরচর এলাকার বাসিন্দা খোরশেদ মন্ডল প্রতিদিনের মত নিজের মুদিখানার বাজার করতে শান্তিপুরে যাচ্ছিলেন, সেই সময় শান্তিপুর-ভালুকা রাস্তার সগুনা এলাকায় বেআইনিভাবে চোরা কাঠ ব্যবসায়ীরা রাস্তার পাশে থাকা গাছ কাটছিল। গাছ কেটে রাস্তার উপর ফেলার সময় সরাসরি ওই বাইক আরোহীর মাথায় পড়ে গাছটি। গাছ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় খোরশেদ মন্ডলের। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। প্রচুর মানুষ ভিড় জমান ওই মৃতদেহকে ঘিরে। ফোন পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করতে গেলে পুলিশকের উপর হামলা চালায় উত্তেজিত জনতা। কার্যত ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় পুলিশ আধিকারিককে। স্থানীয় বাসিন্দারা চাইছেন, এই ঘটনার পিছনে যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। এখনো ঘটনাস্থলেই পড়ে রয়েছে মৃতদেহ। চরম উত্তেজনা গোটা
এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *