স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৬ নভেম্বর: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় দলুয়া এলাকায় পেট্রোল পাম্পের সামনে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ করিম। সে বিহারের বাসিন্দা বলে জানা গেছে। এদিন সকালে ইসলামপুরের দিক থেকে চোপড়ায় বাইক নিয়ে মাছ নিতে যাচ্ছিলেন। সেই সময় দলুয়া পেট্রোল পাম্পের সামনে কোনো গাড়ি পেছন দিক থেকে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

