আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ২ সেপ্টেম্বর: অধিকাংশ লরির চালকরা সারা রাত গাড়ি চালানোর পর ভোররাতে চোখে ঘুম আসার কারণে খালাসিদের দায়িত্ব দেন গাড়ি চালানোর জন্য। আর তার ফলেই প্রাণ হারায় অনেকেই। এই ধরনের ঘটনা প্রায় ঘটেই চলেছে। শুক্রবার ভোররাতে বর্ধমান দু’নম্বর জাতীয় সড়কের লাকুর্ডি সারতলা কোড়া পাড়া এলাকায় এমনই এক দুর্ঘটনা ঘটলো।

প্রত্যক্ষদর্শীরা জান্য, একটি ডাম্পার বর্ধমান থেকে দুর্গাপুর মুখী যাচ্ছিল, সেটি হঠাৎ দাঁড়িয়ে পড়ে। ফলে ডাম্পারের পেছনে পরপর চারটি গাড়ি ধাক্কা মারে। এর ফলে ঘটনাস্থলেই নিহত ১ ও আহত ১ জন। স্থানীয়দের অভিযোগ, লরির ড্রাইভার ভোররাতে দশ মিনিটের জন্য খালাসিকে দায়িত্ব দেয় গাড়ি চালানোর। আর তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার পর প্রায় তিন ঘন্টা যানজট হয়ে পড়ে দু নম্বর জাতীয় সড়ক। এরপর খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে সরিয়ে যানজট নিয়ন্ত্রণ করে।


