ভিন রাজ্য থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল এক বাংলাদেশি মহিলার, চাঞ্চল্য শান্তিপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ সেপ্টেম্বর: ভিন রাজ্য থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে বাংলাদেশি এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, গত দু মাস আগে বাংলাদেশ নিবাসী ৫১ বছর বয়সী রিনা বিশ্বাস নামে এক মহিলা শান্তিপুর বাগআঁচড়ার বাজারপাড়া এলাকার আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর দেওয়া হয় ওই মহিলার পরিবারকে। বাংলাদেশ থেকে ওই মহিলার দুই ছেলে শান্তিপুরের আত্মীয়ের বাড়িতে চলে আসে। এরপর ওই মহিলাকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসা করার পরে গতকাল শান্তিপুরের আত্মীয়ের বাড়িতে ফিরছিলেন ওই মহিলা, কিন্তু রাস্তাতেই তার মৃত্যু হয়। এরপর পরিবারের সদস্যরা ওই মহিলাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শান্তিপুর থানার পুলিশের কাছে খবর পৌঁছাতেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। শনিবার মহিলার মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। তবে মহিলার এইভাবে মৃত্যুর ঘটনায় শোকাহত শান্তিপুরের আত্মীয়ের বাড়ি থেকে শুরু করে মহিলার বাংলাদেশের পরিবার। পরিবারের কাছ থেকে জানা যায়, মহিলার মৃতদেহ ময়নাতদন্তের পরে পাঠানো হবে বাংলাদেশে। যার কারণে মহিলার মৃতদেহ কফিন বন্দি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *