কালিয়াগঞ্জে বিজেপি কর্মীর বাড়ি সামনে থেকে একবস্তা বোমা উদ্ধার, বোমা রেখেছে তৃণমূল, দবি পদ্মশিবিরের

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২১ এপ্রিল: ভোটের আগের দিন এক বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে এক বস্তা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ বিধানসভার বরুয়া গ্রামপঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়া এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। বিজেপির অভিযোগ এলাকায় অশান্তি ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে তৃণমূল কংগ্রেস এই বোমাগুলো রেখে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই নিজেরাই বোমা রেখে শাসকদলের নামে বদনাম ছড়াচ্ছে। এটা বিজেপি দলের এখন ট্র‍্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

আগামীকাল সকাল থেকে শুরু হবে ভোটগ্রহন, তার আগের দিন কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়ার ২৬৬ নম্বর বুথ এলাকায় বিজেপি কর্মী বিকাশ সরকারের বাড়ির সামনে মিলল এক বস্তা তাজা বোমা। বিজেপি কর্মী বিকাশ সরকারের স্ত্রী মল্লিকা সরকার বলেন, সকালবেলা বাড়ির নোংরা আবর্জনা ফেলতে এসে দেখতে পাই একটি বস্তার মধ্যে বোমা রাখা রয়েছে। মল্লিকা দেবীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস এলাকায় সন্ত্রাস ও ভয়ের বাতাবরণ তৈরি করতেই এখানে বোমাগুলো রেখে গিয়েছে। বিজেপি কর্মী মল্লিকা সরকার জানিয়েছেন, আমরা ভয় পাই না। আমরা এর মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা নাজিমুল রহমান বলেন, এই ২৬৬ নম্বর বুথে ৯০ শতাংশ ভোটার তৃণমূল কংগ্রেসের। আমাদের এই এলাকায় বোমা রাখার কোনও কথাই নয়। বিজেপি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে এখন তৃণমূল কংগ্রেসের নাম দিচ্ছে। বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল কংগ্রেস কেন বোমা রাখতে যাবে? ভোট রয়েছে, বিজেপি পরিকল্পিতভাবে সন্ত্রাস করার লক্ষ নিয়েই বোমা মজুত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *