ফের চাঞ্চল্য নিমতিতায়, বস্তা ভর্তি বারুদ উদ্ধার

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২০ ফেব্রুয়ারি: নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণ কান্ড নিয়ে হইচই’য়ের মধ্যেই ফের চায়ের দোকানের পাশে থেকে বস্তাভর্তি বারুদ উদ্ধার। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতি থানার অরঙ্গাবাদ এলাকায়। ইতিমধ্যেই সুতি থানার পুলিশ বারুদ উদ্ধার করেছে। এদিকে যেখানে বারুদ উদ্ধার করা হয়েছে ঠিক তার পাশেই ইলেকট্রিক অফিস থাকায় এলাকায় কার্যত চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা বারুদগুলো রেখেছিলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার রাতে নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন মন্ত্রী জাকির হোসেন। মন্ত্রী ছাড়া আরও ২৬ জন আহত হয়েছেন। মন্ত্রীর বাঁ পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত একাধিক আঘাত লেগেছিল। একাধিক স্প্লিন্টারের আঘাত রয়েছে বাঁ পায়ে। গোড়ালির হাড় ভেঙ্গেছে, হাড় ভেঙ্গেছে পায়ের দু’জায়গায়। ঝলসে গিয়েছে পা, উড়ে গিয়েছে হাতের একটি আঙুল। এছাড়া, তাঁর হাতের বুড়ো আঙুল মারাত্মক রকম জখম হয়েছে। বৃহস্পতিবার ভোরে মন্ত্রীকে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে আনা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সঙ্গে আনা হয়েছে তাঁর দেহরক্ষী সুজন বিশ্বাসকেও। বোমায় আহত আরও ১০ জনকে এসএসকেএমে আনা হয়েছে। বাদবাকিদের চিকিৎসা চলছে মুর্শিদাবাদেই। এই পরিস্থিতিতে বারুদ উদ্ধারের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *