মর্মান্তিক! নদিয়ার হরিণঘাটায় ৩৩ দিনের সন্তানকে গলা কেটে হত্যা করলো জন্মদাত্রী মা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ আগস্ট: ৩৩ দিনের কন্যা সন্তানকে বঁটি দিয়ে গলা কেটে খুন করার অভিযোগ মায়ের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার মহাদেবপুর উত্তর পাড়ায়। সকাল থেকেই পরিবারের লোকজন শিশুটিকে খুঁজে পাচ্ছিল না, এরপর দেখা যায় বাড়ির শৌচালয়ের পাশে গলা কাটা রক্তাক্ত দেহ ও মাথাটি পড়ে রয়েছে শৌচালয়ের মধ্যে। পুলিশ শিশুটির দেহ উদ্ধার করে নিয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, জয়ন্তী ভৌমিকের প্রায় নয় বছর আগে বিয়ে হয়েছিল। গত তিনমাস আগে সন্তান প্রসবের জন্য বাপের বাড়ি আসে। শ্বশুরবাড়ি উত্তর ২৪ পরগনার গোপালনগরে। গত মাসে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। আজ সকালেই জয়ন্তী সম্ভবত রান্নাঘরের আনাজ কাটার বঁটি দিয়ে গলা কেটে খুন করে শিশুটিকে।

এ বিষয়ে পুলিশি জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা থেকে বোঝা যায় সে মানসিক ভারসাম্যহীন হলেও হতে পারে। পরিবারের লোকের দাবি সে মানসিক ভারসাম্যহীন। ঘটনায় পুলিশ আটক করেছে অভিযুক্ত মা জয়ন্তী ভৌমিককে। তার শ্বশুরবাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *