প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৬ এপ্রিল: ভোট পরবর্তী হিংসা অব্যাহত ভাটপাড়ায়। দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার গুপ্তার বাগান এলাকায়। মৃত যুবকের নাম অনুরাগ সাউ (১৮)। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গুপ্তার বাগান এলাকায়।
সোমবার ভোররাতে রাতে বাড়ির বাইরে শৌচকর্ম করতে বেড়ায় বিএ প্রথম বর্ষের ছাত্র অনুরাগ সাউ। সেইসময় কে বা কারা পরপর দুটি বোমা ছোঁড়ে। দুটি বোমার মধ্যে একটি অনুরাগ সাউয়ের গায়ে লাগে। বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে।
এরপর তাকে তার আত্মীয় ও প্রতিবেশীরা উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।
জানাগেছে নিহত ছাত্র কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল অনুরাগ। তা সত্ত্বেও কে বা কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা বুঝে উঠতে পারছে না কেউ। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি ২২ এপ্রিলের পর থেকে রোজই ভাটপাড়ার কোথাও না কোথাও বোম মারা হচ্ছে, এর জন্য তারা খুবই আতঙ্কিত।

