সাথী দাস, পুরুলিয়া, ১৩ মার্চ: দলীয় কাউন্সিলার হত্যার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পুরুলিয়া জেলা জুড়ে ১২ ঘন্টার বনধ ডাকল কংগ্রেস। বনধে মাধ্যমিক পরীক্ষা ও জরুরি পরিষেবা বনধের আওতার বাইরে রাখা হয়েছে। আজ বিকেলে ঝালদায় ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলারকে দুষ্কৃতীরা গুলি করে। তার পরই মারা যান তিনি। এই ঘটনার প্রতিবাদ এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বনধ ডাকে কংগ্রেস।

প্রদেশ কংগ্রেস সম্পাদক সোমেশ্বর লাল সিং দেও বলেন, “বোর্ড গড়ার জন্য এই প্রাণ নেওয়া কি জরুরি ছিল? এই ঘটনার প্রতিবাদ স্বরূপ বনধ ডাকা হয়েছে। আমরা সব স্তরের মানুষের কাছে বনধ সমর্থন করার জন্য আবেদন রাখছি।”
এদিকে রাঁচি থেকে বেলার দিকে প্রয়াত কংগ্রেস কাউন্সিলারের দেহ ময়নাতদন্তের পর ঝালদায় আনা হবে। বাড়িতে, দলীয় কার্যালয়ে রাখা হবে এবং শোক মিছিল করবে কংগ্রেস।

