এসপি অফিসের সামনে বিক্ষোভের ঘটনায় অভিযুক্ত ৯ বিজেপি নেতা জামিন নিলেন তমলুক আদালত থেকে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩১ আগস্ট : তমলুক আদালত থেকে জামিন নিলেন ৯ জুলাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ঘটনায় অভিযুক্ত বিজেপির ৯ জন নেতা। আজ তমলুক আদালত থেকে যারা জামিন নিলেন তাদের মধ্যে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়েক ও সহ-সভাপতি আশিস মণ্ডল সহ আরও সাতজন নেতা আছেন।

জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভের ঘটনায় মূল ১৫ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ এনেছিল তমলুক থানার পুলিশ। এদের সঙ্গে আরও ২০০ জনের নাম না করে বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই অভিযুক্তদের মধ্যে শুভেন্দু অধিকারী অন্যতম। পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির বিধায়করাও আছেন অভিযুক্তদের তালিকায়। উল্লেখ্য, গত ৯ জুলাই বিভিন্ন দাবি নিয়ে তমলুকের নিমতৌড়িতে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ হয়। এই অবস্থান-বিক্ষোভ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী নাম না করে জেলা পুলিশ সুপারকে উদ্দেশ্য করে কটুক্তি করেন বলে অভিযোগ। তারপরেই তমলুক থানার পক্ষ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। আজ সেই মামলায় জামিন নিলেন ৯ জন বিজেপি নেতা।

আইনজীবী তাপস কুমার সামন্ত জানিয়েছেন, ওই ঘটনায় ১৫ জন বিজেপি নেতা সহ ২০০ জনের নাম থাকলেও আজ ৯ জন জামিন নিয়েছেন। বাকি বিধায়করা সহ অন্যান্যরা পরে জামিন নেবেন। এই মামলায় জামিন অযোগ্য ধারা থাকলেও বিচারক ঘটনার গুরুত্ব অনুযায়ী জামিন দিয়েছেন আজ অভিযুক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *