সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ আগস্ট: পুকুর থেকে উদ্ধার ৮৮টি মোবাইল। এই ঘটনাকে ঘিরে ই- ওয়ালেট কান্ডে নতুন সন্দেহ দেখা দিয়েছে। এদিকে বাঁকুড়ায় ই-ওয়ালেট জালিয়াতি কাণ্ডে পুলিশ আরও ১ জনকে গ্রেফতার করে হেফাজতে নিল। অপর দিকে ছাতনা থানার পুলিশ একটি পুকুর থেকে উদ্ধার করল ৮৮ টি নতুন মোবাইল ফোন। ই-ওয়ালেট প্রতারণা চক্রে ধৃতদের কাছ থেকে পুলিশি জিজ্ঞাসাবাদে নিত্য নতুন তথ্য উঠে আসছে। রহস্যে মোড়া এই চক্রটির সাথে যে বিরাট জাল বোনা রয়েছে ধীরে ধীরে সেই রহস্যের উদ্ঘাটন হবে বলেই মনে করছে পুলিশ।

গত ১০ আগস্ট এই চক্রের মূল পান্ডা দুই ভাই অভিষেক ও অভিজিৎ মন্ডলকে পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনায় ওই দিন পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরের দিন আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফের শুক্রবার রাতে বাঁকুড়া সদর থানার কুমিদ্দা গ্রাম থেকে আরও ১ জনকে গ্রেপ্তার করল বাঁকুড়া পুলিশ। এই নিয়ে ই-ওয়ালেট জালিয়াতির ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হল। সকলেই এখন পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত বিভাস কর্মকার মোবাইলের ভুয়ো সিমকার্ড অ্যাক্টিভেট করার জন্য নকল নথি তৈরি করত। বাঁকুড়ার পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, শুক্রবার রাতে ছাতনা থানার আড়রা গ্রামের জেটিয়া পুকুর থেকে ৮৮ টি কি-প্যাড মোবাইল উদ্ধার করা হয়। পুলিশ মোবাইলগুলি বাজেয়াপ্ত করেছে। প্রতিটি মোবাইল নতুন। পুলিশের ধারণা এই মোবাইল ফোনগুলি কোনও ব্যক্তি বা গোষ্ঠীর কাছে পাঠানো হত ওই ধরনের ই-ওয়ালেট প্রতারণার কাজে ব্যবহারের জন্য। তবে এই ফোন গুলির সাথে ধৃত চক্রটির কোনও যোগ রয়েছে কি না বা ফোনগুলি অন্য নতুন কোনও ব্যক্তি বা প্রতারক চক্রের কি না সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

