জে মাহাতো, মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউনে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট সাতাশি জনকে বিধি ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে খড়গপুর রেল শহর থেকে ৫৩ জনকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। খড়গপুর গ্রামীণ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। এছাড়াও কেশিয়াড়ি থেকে ৬ জনকে এবং গোয়ালতোড় থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লকডাউন অমান্য এবং করোনা বিধি লঙ্ঘন করায় এদের গ্রেপ্তার করা হয় বলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সূত্রে জানাগেছে।

খড়গপুর টাউন থানার পুলিশ আজ সকাল থেকে খড়্গপুর শহর জুড়ে টহল দেয়। ইন্দা, গোলবাজার, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ইত্যাদি এলাকায় যে সমস্ত দোকান খোলা ছিল সেগুলি বন্ধ করে দোকানের মালিকদের আটক করে থানায় নিয়ে আসা হয়। খড়গপুর শহরের মোড়ে মোড়ে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হয়েছে। এছাড়াও মেদিনীপুর, ঘাটাল এবং বেলদা শহরেও লকডাউন কার্যকর করতে সক্রিয় ছিল পুলিশ বাহিনী।


