রাজেন রায়, কলকাতা, ১৮ এপ্রিল: কমা তো দূরের কথা, ফের ২৪ ঘন্টায় নতুন রেকর্ড গড়ল করোনা অতিমারী সংক্রমণ। এবার একদিনে সংক্রমণ প্রায় সাড়ে ৮ হাজার ছুঁইছুঁই।
রবিবারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪১৯ জন। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২৮ জনের। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৬৩৮ জন। রাজ্যে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৩ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৫৯ হাজার ৯২৭ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯০.৮৮ শতাংশে।
রবিবার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৭৪ জনের। এদিনও সংক্রমণে রেকর্ড তৈরি করেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। রবিবার একদিনে কলকাতায় করোনা আক্রান্ত ২১৯৭, মৃত ৫। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ১৮৬০, মৃত ৬। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৫০১, মৃত ২। হাওড়ায় করোনা আক্রান্ত ৪৯০, মৃত ২। হুগলিতে করোনায় একদিনে আক্রান্ত ৩৫২, মৃত ২।
তবে আশঙ্কার মধ্যেই আশার খবর এটাই, রাজ্যে ধীরে ধীরে জোগান বাড়ছে ভ্যাকসিনের। রবিবার রাজ্যে এসে পৌঁছল নতুন ২ লক্ষ কোভিশিল্ড। কিছুদিন আগেই রাজ্যে আসে ৩ লক্ষ কোভিশিল্ড এবং ২ লক্ষ কোভ্যাক্সিন। সূত্রের খবর, গত ১ সপ্তাহে প্রায় ১৭ লক্ষ কোভিশিল্ড এসেছে। এখনও তা চাহিদার তুলনায় কম বলেই দাবি চিকিৎসকদের।

