আমাদের ভারত, ৯ মে: প্রতিবেশী দেশগুলোতে ধর্মীয় কারণে অত্যাচারিত সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেওয়ার জন্য সিএএ তৈরি হয়েছিল। কিন্তু সেই আইন এখনো কার্যকর হয়নি। ফলে ভারতের নাগরিকত্ব না পেয়ে শেষ পর্যন্ত পাকিস্তানে ফিরে গিয়েছেন কমপক্ষে ৮০০ হিন্দু। এমনটাই দাবি করেছে রাজস্থানের একটি এনজিও সীমান্ত লোক সংস্থান। পাকিস্তান থেকে পালিয়ে আসা ধর্মীয় সংখ্যালঘুদের জন্য এই এনজিওটি কাজ করে।
এই এনজিওটির সভাপতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, পাকিস্তানের এই হিন্দুরা দেশে ফিরতে ভারতের বদনাম করার জন্য তাদের কাজে লাগাচ্ছে পাক গোয়েন্দা সংস্থাগুলি। সংবাদমাধ্যমের সামনে তাদের হাজির করিয়ে বলা হচ্ছে ভারতে তাদের ওপর অত্যাচার করা হতো।
সিএএ আইন হলেও তা এখনও কার্যকর হয়নি। তবে এরমধ্যে ২০১৮ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার জন্য একটি অনলাইন আবেদনের ব্যবস্থা করে। পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈনদের জন্য এই ব্যবস্থা করা হয় দেশের ৭ রাজ্যে। কিন্তু তারপরেও এই ছবি ধরা পড়েছে রাজস্থানে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জমা পড়েছে ১০ হাজারের বেশি। এদের বেশিরভাগই পাকিস্তান থেকে। তবে গত এপ্রিলে কেন্দ্র জানিয়েছে সিএএ আইন খতিয়ে দেখতে আরো কিছুটা সময় লাগবে। তারপর থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ করা হয়নি।

