৮০ লক্ষ টাকার পুকুরে ৬০ লক্ষ গায়েব! কাশীপুরে দুর্নীতির অভিযোগ করে বিডিওকে স্মারকলিপি বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ১৭ নভেম্বর: সরকারি উন্নয়নে দুর্নীতির অভিযোগ করে ও স্থানীয় দাবি দাওয়া নিয়ে কাশীপুরে বিডিওকে স্মারকলিপি দিল বিজেপি।

আজ দলীয় ওই কর্মসূচিতে কাশীপুর রাজবাড়ির কাছে জমায়েত হন বিজেপি নেতা কর্মীরা। সেখান থেকে স্লোগান তুলে মিছিলের নেতৃত্ব দেন জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা, সহ সভাপতিদ্বয় গৌতম রায় ও ফাল্গুনী চ্যাটার্জি, জেলা সাধারণ সম্পাদক রাজেশ চিন্না। এছাড়া স্থানীয় বিধায়ক কমলাকান্ত হাঁসদা, রাজ্য কমিটির পক্ষে অজিত সিং সর্দার ও গৌরী সিং সর্দার প্রমুখ নেতৃত্ব।

জেলা সভাপতি বলেন, “কাশীপুর ব্লক তথা বিধানসভা এলাকায় সীমাহীন দুর্নীতি করেছে তৃণমূল। প্রশাসনের আশ্বাসে এটা সম্ভব হয়েছে। সব জেনেও আইনি পদক্ষেপ নেননি বিডিও। আজ দুর্নীতির বিশাল তালিকা ব্লকের প্রশাসনিক প্রধানকে তুলে দিই। কিন্তু কোনও সদর্থক ভূমিকা নেননি তিনি। উল্টে সব দায়িত্ব এড়িয়ে জেলা প্রশাসনের দিকে ঠেলে দিয়েছেন। এটা অপ্রত্যাশিত।”

স্মারকলিপিতে পুকুর চুরির অভিযোগ করা হয়েছে। মনিহারা এলাকায় ৮০ লক্ষ টাকায় একটি পুকুর কাটা দেখানো হলেও বাস্তবে ২০ লক্ষ টাকার কাজ হয়েছে। এছাড়াও স্থানীয় মানুষের স্বার্থে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিকাঠামো উন্নয়নের দাবি তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *