পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট: দুই মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রনের প্রকল্প “ঘাটাল মাস্টার প্ল্যানে” অবিলম্বে অর্থ বরাদ্দ করে কাজ শুরুর দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ঘাটালের সেচ দপ্তরের এসডিও উজ্জ্বল মাকালকে ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি, অফিস সম্পাদক কানাই লাল পাখিরা, সহকারি সম্পাদক প্রশান্ত মাজী প্রমুখ।

দাবিগুলির মধ্যে অন্যতম হল- মাস্টার প্ল্যানের অন্তর্গত শীলাবতী নদীর নিম্নাংশ খনন এবং সংশ্লিষ্ট নদীবাঁধের স্লোপে কংক্রিটের স্ল্যাব বসিয়ে পাকাপোক্তভাবে নির্মাণ, বর্ষার সময় শীলাবতীর জলচাপ কমানোর জন্য চন্দ্রেশ্বর খালের বৈকুন্ঠপুর থেকে সুরথপুর পর্যন্ত নতুন খাল খনন করে শীলাবতীর সাথে সংযোগ, শীলাবতীর বাছরাকুন্ডু থেকে নতুন একটি খাল খনন করে সামাটে কংসাবতী নদীর সাথে ফেলা, সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ নির্মান প্রভৃতি।

এসডিও দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে ঊদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দেন। অন্যদিকে, শীলাবতীর সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ নির্মাণ যতদিন না তা হচ্ছে ততদিন বিনাব্যয়ে নিরাপদে যাতায়াতের বন্দোবস্ত সহ তিন দফা দাবিতে সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ঘাটাল ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারি সভাপতিকে স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা, সহ-সভাপতি বাদল সামন্ত, হিমাংশু হাজরা, যুগ্ম সম্পাদক কানাই লাল পাখিরা প্রমুখ।

