গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৪ ফেব্রুয়ারি: গভীর রাতে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন ৮টি ফলের দোকানে ভয়াবহ আগুন লাগে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় দোকানগুলি। বর্তমানে মুসলিম ধর্মপ্রাণ মানুষের রমজান মাস চলছে। সেই উপলক্ষে এইসব ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ করে ফল কিনে মজুত করেছিলেন। আগুনে সর্বস্ব শেষ হয়ে গিয়েছে তাঁদের। ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েন ফল ব্যবসায়ীরা।

কীভাবে এই দোকানগুলিতে আগুন লাগল, তা জানা যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে দমকল দেরিতে আসার অভিযোগ তুলছেন ব্যবসায়ীরা। আরামবাগের একটি ইঞ্জিন ও পরে তারকেশ্বর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভার পর ধংসস্তূপের চেহারা দেখে ফল ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। তবে আরামবাগ দমকল বাহিনীর উপর ব্যাপক ক্ষোভপ্রকাশ করেন তারা।

