সাথী দাস, পুরুলিয়া, ৯ মার্চ: শেষ দিনে পুরুলিয়া জেলার ৯ কেন্দ্রেই মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক দেখা গেল। জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ৭৮ জন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কাল মনোনয়ন পত্র পরীক্ষা করে দেখা হবে। প্রত্যাহারের শেষ দিন হল ১২ মার্চ। জয়পুর কেন্দ্রে সব চেয়ে বেশি জন তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পুরুলিয়া, বাঘমুন্ডি ও বলরামপুরে ১১ জন, পাড়া ও রাঘুনাথপুরে ৭ জন করে জমা দেন। এছাড়া ৬ জন করে বান্দোয়ান, মানবাজার এবং কাশীপুর কেন্দ্রে তাঁদের মনোনয়ন পত্র জমা দেন।

২৭ মার্চ ভোট গ্রহণ হবে জেলার সব কেন্দ্রেই। এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের প্রচারে জনপ্রিয় নেতা নেত্রী বা সেলিব্রেটি জেলায় আসেননি। যদিও ১৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরুলিয়ায় ভোট প্রচারে আসতে পারেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। তারপর পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় ভোট প্রচারে আসবেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের ধারণা এরপর থেকেই জেলায় ভোটের উত্তাপ অনুভব হবে।


