‘হিন্দুস্থান সমাচার’-এর ৭৫ বছর, মূল মন্ত্র মোদীর পঞ্চপ্রণ তত্ব

আমাদের ভারত, কলকাতা, ১০ ডিসেম্বর: ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি আর স্বাধীন ভারতের প্রাচীনতম সংবাদ সংস্থার ৭৫ বছর— এই যুগলবন্ধনকে স্মরণীয় করে রাখতে চায় হিন্দুস্থান সমাচার। সম্মেলনের মূল মন্ত্র হিসাবে তাঁরা বেছে নিয়েছেন প্রধানমন্ত্রীর পঞ্চপ্রণ তত্বটিকে।

ভারতের উন্নয়নের লক্ষ্য, ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্তি, আমাদের শিকড়ের প্রতি গর্ব, একতা এবং দায়িত্বের চেতনা— এই পাঁচটি মন্ত্র জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়ার আবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১৫ আগস্ট লালকেল্লায় স্বাধীনতার ৭৫ বছর পূর্তির সমাবেশে এই অঙ্গীকারের কথা বলেছিলেন তিনি।

স্বাধীনতার ঠিক পরে, ১৯৪৮ সালে যাত্রা শুরু করে হিন্দুস্থান সমাচার। মূল মন্ত্র ছিল দেশপ্রেম এবং জাতীয়তাবাদ। আগামী ২১ ডিসেম্বর প্রয়াগরাজে চর্চা হবে এই সাড়ে সাত দশকের ফেলে আসা কাজ ও আগামীর পথ চলা নিয়ে। প্রধান অতিথি থাকবেন অযোধ্যা ‘হনুমান নিবাস’-এর মহন্ত আচার্য মিথিলেশ শরণ জী, মুখ্য বক্তা হিমাচল প্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য কুলদীপ চন্দ্র অগ্নিহোত্রী, সভাপতি থাকবেন হিন্দুস্থান সমাচার-এর অধ্যক্ষ অরবিন্দ বালচাঁদ মাদ্রেকার, বিশিষ্ট অতিথি ‘গঙ্গা সমগ্র’-র রাষ্ট্রীয় মহাসচিব তথা হরিদ্বারের ‘দিব্য প্রেম সভা মিশন’-র সংস্থাপক আশিস ভাইয়া। বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের কাশী প্রান্তর সহ প্রান্ত সহায়ক মুনীষ কুমার।

প্রয়াগরাজে জর্জটাউনে জগৎ তাড়ন গোল্ডেন জুবিলি ইস্টার কলেজে রবীন্দ্রনাথ ঠাকুর সভাগৃহে হবে প্রস্তাবিত সম্মেলন।

প্রসঙ্গত, ইউনাইটেড প্রেস অফ ইন্ডিয়ার প্রাক্তন সাংবাদিক, বিশ্ব হিন্দু পরিষদের প্রথম সাধারণ সম্পাদক শিবরাম শঙ্কর (দাদাসাহেব) আপ্তে ১৯৪৮ সালে প্রতিষ্ঠা করেন হিন্দুস্থান সমাচার। বাংলা, ওডিয়া, অসমীয়া, তেলুগু, মালয়ালাম, উর্দূ, পঞ্জাবী, গুজরাটি, হিন্দি, মারাঠি প্রভৃতি ভাষায় রয়েছে এই সংবাদ সংস্থার পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *