স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জুলাই:
একই স্কুলে ৭২ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ফেল, স্কুল ঘেরাও করে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ। তাদের দাবি, ভালো নম্বর দিয়ে তাদের উত্তীর্ণ করাতে হবে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বাগআঁচড়া হাই স্কুলের। উল্লেখ্য, এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল একদিন আগে প্রকাশিত হয়েছে। যেখানে ফেলের হার খুবই কম। তবুও একই স্কুল থেকে ৭২ জন পরীক্ষার্থীর ফেল করা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, নদিয়ার শান্তিপুর থানার বাগআঁচড়া উচ্চ বিদ্যালয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৮০ জন। কিন্তু ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে ৭২ জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ। সেই কারণেই এদিন স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের দাবি, উচ্চমাধ্যমিক কাউন্সিলের গাফিলতির জন্যই এই ফলাফল। তার কারণ মাধ্যমিক এবং একাদশ শ্রেণিতে তারা নিয়মিতভাবেই পাস করেছে। কিন্তু যেভাবে ফেলের হার গোটা রাজ্যজুড়ে সেই নিরিখে একই স্কুলে ৭২ জন ফেল তারা কিছুতেই মেনে নিতে পারছে না। তাদের দাবি অবিলম্বে ভালো নাম্বার দিয়ে তাদের পাশ করাতে হবে।

এ বিষয়ে বাগআঁচড়া হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর চক্রবর্তী বলেন, ইতিমধ্যেই আমরা কাউন্সিলের সঙ্গে কথা বলেছি। তাদের একটা মেইল করেছি। ছাত্র-ছাত্রীদের দাবি জানিয়ে আমাদের প্রতিনিধিদল কাউন্সিলের সঙ্গে কথা বলবে। আশা করছি কোন একটা সমাধান নিশ্চয়ই বের হবে।


