আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ জুন: হালিশহরে বিজেপিতে বড় ভাঙন। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির একাধিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবং কর্মী। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছেন মুকুল রায় ও তার পুত্র শুভ্রাংশু রায়। আর তারপর থেকেই বেসুরো হতে শুরু করেছে বিজেপির বহু নেতা কর্মী।
বুধবার হালিশহরে মঙ্গলদীপ ভবনে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির হালিশহর–৩ মন্ডল সভাপতি সহ একাধিক বিজেপি কর্মী। বিভিন্ন পদে থাকা ৪২ জন এবং বিজেপি কর্মী মিলিয়ে ৭০০ জন বিজপুর এর বিধায়ক সুবোধ অধিকারী এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
দলত্যাগীদের দাবি, ২ তারিখে ভোটের ফলাফল বেরোনোর পর, তারা রীতিমতন অসহায় হয়ে পড়েছেন, তাদের পাশে কোনওরকম ভাবে বিজেপির কোনও উচ্চ নেতৃত্ব দাঁড়ায়নি। যে আশা নিয়ে তারা মানুষকে সেবা করতে এসেছিলেন তারা সেটা করতে পারছেন না সেই কারণেই তারা আজ দলত্যাগ করলেন।

পার্থ ভৌমিক আজ বলেন, “আজ তৃণমূলে যে যোগদান হলো তাতে তৃণমূলের শক্তি বৃদ্ধি ঘটলো। যারা নিজের দলের কর্মীদের খোঁজ নেয় না তারা সারা রাজ্যের মানুষের পাশে দাঁড়াবে কি করে? তাই আজ বিজেপি নেতা ও কর্মীরা তৃণমূল কংগ্রেস যোগ দিল।”

