সাথী দাস, পুরুলিয়া, ১৯ অক্টোবর: পুরুলিয়া জেলা পরিষদের আসন বাড়ল। রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের খসড়ার তালিকা আজ রাজ্য নির্বাচন কমিশন প্রকাশ করেছে। পুরুলিয়া জেলা পরিষদে মোট আসন সংখ্যা ছিল ৩৮ টি, নতুন তালিকা অনুসারে ৭ টি বেড়ে হল ৪৫টি। জেলা পরিষদে জেলার ২০ টি ব্লকের মধ্যে বরাবাজার, পুরুলিয়া ২, মানবাজার ১, কাশীপুর এবং পাড়া ব্লকে ৩ টি করে আসন হল। বাকি ব্লক গুলিতে ২ টি আসন রয়েছে। যদিও সাঁতুড়ি ও বান্দোয়ান ব্লকে ১টি করে আসন বেড়েছে এবার।

জেলা পরিষদে ৪৫ টির মধ্যে ২০ টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। তপসিলি জাতি, তপসিলি উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া জাতির গুলির জন্যও সংরক্ষণ রাখা হয়েছে। আসন বিন্যাস নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এদিকে, কৌতূহল বাড়ছে জেলা পরিষদের সভাধিপতির আসন নিয়ে। এবার ওই আসনটি তপশিলি উপজাতির জন্য সংরক্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পর পর দুবার আসনটি সাধারণ ছিল। সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না সব রাজনৈতিক দলই। সরকারিভাবে ঘোষণার অপেক্ষায় কৌতূহলীরা।

