ক্ষীরপাই এ মদ্যপ যুবকদের হাতে বেধড়ক মার খেল ৭ পুলিশ কর্মী

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: পিকনিক করতে এসে মদ্যপ যুবকদের মারামারি। থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ! ভাঙ্গচুর করা হল পুলিশের গাড়িও। রবিবার, বড়দিনের বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই ফাঁড়ির বড়মা কালী মন্দির লাগোয়া শিলাবতী নদীর পাড়ে। ঘটনায় আক্রান্ত হয়েছেন ক্ষীরপাই ফাঁড়ির অন্তত ৭ জন পুলিশ কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার অর্থাৎ ২৫ ডিসেম্বর, ক্ষীরপাই বড়মার কালীর মন্দির লাগোয়া শিলাবতী নদীর ধারে বসেছিল একাধিক পিকনিকের আসর। তার মধ্যেই ঘাটালের মনসুকা এলাকার বেশ কয়েকজন যুবক এসে মদ্যপান করছিল। পাশাপাশি মেয়েদের কটূক্তিও করছিল বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পিকনিক করতে আসা অন্যান্য যুবকরা তাদের বাধা দেয়। এর ফলে, উভয় পক্ষের মধ্যে লেগে যায় মারামারি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ক্ষীরপাই ফাঁড়ির কয়েকজন পুলিশ কর্মী। হঠাৎ করেই মদ্যপ যুবকদের একটি দল পুলিশ কর্মীদের এলোপাথারি মারতে শুরু করে। এদিকে, অতর্কিত এই হামলার জন্য প্রস্তুত ছিলেন না পুলিশ কর্মীরা। ফলে তাঁরা আক্রান্ত হন। পুলিশের একটি গাড়িও ভাঙ্গচুর করে ওই মদ্যপ যুবকরা। খবর পেয়ে চন্দ্রকোনা থানা ও ক্ষীরপাই ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় ৭ জন পুলিশ ও ৩ জন স্থানীয় ব্যাক্তি আহত হন বলে খবর। পুলিশ কর্মীরা ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালিয়ে ঘটনায় জড়িত তিন জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়, বাকীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *