পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১০ জুলাই: অমরনাথ যাত্রায় গিয়ে বিপাকে বালুরঘাটের সাত তীর্থযাত্রী। যোগাযোগ নেই পরিবারের সাথে, উদ্বিগ্ন পরিজনরা। এদিকে অমরনাথ যাত্রা নিয়ে সঠিক কোনও তথ্যই নেই প্রশাসন বা পুলিশের কাছে। এই পরিস্থিতিতে পরিবারগুলির সাথে যোগাযোগ করে তাদের সবরকম সহযোগীতার আশ্বাস দিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
জানা যায়, ৫ জুলাই তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পাগলিগঞ্জ ও খাসপুর এলাকার মোট সাতজন অমরনাথের উদ্দেশ্যে রওনা হন। তাদের মধ্যে খাসপুরে পুষ্পজিৎ চক্রবর্তী, পাগলিগঞ্জের মুকুল সরকার, সুরঞ্জন দে দাস, তোতন হালদার, শুভ্রনীল মুন্সি, তাপস ঘোষ ও রজত সরকার আছেন। গত ৫ তারিখ রাতে বাসে করে শিলিগুড়ি যান। এরপর বাগডোগরা থেকে ৬ জুলাই প্লেনে করে শ্রীনগর। সেখান থেকে শুক্রবার মন্দির দর্শনের জন্য রওনা হন তারা। সেই সময়ই মেঘ ভাঙ্গা বৃষ্টি নেমে আসে। এই প্রাকৃতিক দুর্যোগে বেশকিছু লোকের মৃত্যুর পাশাপাশি জলে ভেসে গিয়ে নিখোঁজও হয়েছেন বহু তীর্থযাত্রী। এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন বালুরঘাট থেকে অমরনাথ যাত্রায় যাওয়া ওই তীর্থযাত্রীদের পরিবারের লোকেরা।
শনিবার সন্ধ্যা পর্যন্ত অমরনাথ যাত্রায় যাওয়া ওই সাতজনের পরিবার তাদের সঙ্গে কোনও যোগাযোগ করতে পারেনি। এর ফলে উদ্বেগ আরো বেড়েছে পরিজনদের। বর্তমানে কি অবস্থায় তারা রয়েছে তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে পরিবারগুলি।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসনের কাছেও অমরনাথ যাত্রা নিয়ে এখনো সেভাবে কোনও তথ্য নেই।

গৌরাঙ্গ হালদার ও টুসি চক্রবর্তীরা জানিয়েছেন, তাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারছেন না তারা। কোথায় কিভাবে আছেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, সরকার যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছে। বালুরঘাট থেকে যারা গিয়েছেন তাদের পরিবারের সাথে যোগাযোগ করবার চেষ্টা করা হচ্ছে। সবরকম ভাবেই তাদের সহযোগীতা করা হবে।

