বিনামূল্যে গোটা রাজ্যকে ২৪ ঘণ্টা ফোনে পরিষেবা দিচ্ছেন বাংলার ৮৬ জন চিকিৎসক

রাজেন রায়, কলকাতা, ২৮ এপ্রিল: মানুষের সেবা করা তাদের কর্তব্যের মধ্যে পড়ে ঠিকই। কিন্তু মহামারীর সময় মানবিকতা দেখিয়ে এক অন্য মাত্রায় পরিষেবা দিচ্ছেন বাংলার ৮৬ জন চিকিৎসক।মানুষ যাতে বাড়িতে থেকেই উপযুক্ত পরামর্শ পেতে পারে, তার জন্য এই উদ্যোগ নিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম।

যে উপসর্গগুলি একসময়ে ভাইরাল ফিভার বা সামান্য ঠান্ডা লেগেছে বলে মানুষ উড়িয়ে দিত, সেগুলিই এখন মানুষকে আতঙ্কিত করছে। করোনা পরিস্থিতিতে যাঁরা উপসর্গহীন বা মৃদু উপসর্গ রয়েছে অথবা বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁদের সাহায্য করতেই চিকিৎসকরা এই উদ্যোগ নিয়েছেন। এই রোগীরা যাতে চিকিৎসকের পরামর্শ পান এবং সেই মতো ওষুধ খেতে পারেন তার জন্যই এই উদ্যোগ চিকিৎসক সংগঠনের। ২৪ ঘণ্টা যাতে পাওয়া যায় তাই ৮৬ জন চিকিৎসকের নাম ও তাঁদের ফোন নম্বর দিয়ে তৈরি করা হয়েছে একটি তালিকা। এই তালিকা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

কোন চিকিৎসক কোন সময়ে পরামর্শ দেওয়ার জন্য থাকবেন তা-ও উল্লেখ করা হয়েছে এবং পুরোটাই হচ্ছে বিনামূল্যে। চিকিৎসক অর্জুন দাশগুপ্ত এই তালিকা ফেসবুকে শেয়ার করে লিখেছেন, “করোনা পরিস্থিতিতে উপসর্গহীন, মৃদু উপসর্গ ও বাড়িতে কোয়ারান্টিনে করোনা রোগীদের সাহায্য করতে ডাক্তারদের তরফে এই উদ্যোগ। এটি শুধুই ডাক্তারি পরামর্শের জন্য। বেড, অ্যাম্বুলেন্সের অভাবে নির্দিষ্ট সরকারি হেল্পলাইনে দয়া করে যোগাযোগ করুন। একটাই অনুরোধ এই নম্বরগুলি অন্য কোনও কাজে ব্যবহার করবেন না। আর ডাক্তাররা ব্যস্ত থাকলে লিস্ট দেখে পরের জনকে যোগাযোগ করুন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।” এবং তাতে বিপুল সাড়া মিলছে দাবি করছেন এই চিকিৎসকরাই। বিপুল ফোনে ক্লান্তি এল হাসিমুখেই পরিষেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন সমস্ত চিকিৎসকরাই। কারণ মহামারীর সময়ে একমাত্র তাদের সহায়তা বাঁচাতে পারে মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *