আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ ডিসেম্বর: ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করলো খড়দহ থানার পুলিশ। চাকরি দেওয়ার নাম করে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা তুলে ভুয়ো কল সেন্টার চলছিল পানিহাটির
আরএন টেগর রোড এলাকার একটি বাড়িতে।
সূত্রের খবর অনুযায়ী, দূর-দূরান্ত থেকে বহু পুরুষ ও মহিলা চাকরির জন্য এই ভুয়ো কল সেন্টারে আসত। রাজ্যের বিভিন্ন জায়গার ছেলে মেয়েদের চাকরি দেবে বলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ ওঠে এই কল সেন্টারের বিরুদ্ধে। এই কল সেন্টারের ফাঁদে পড়ে টাকা খোয়ানো কিছু ছেলে মেয়ে এই বিষয়ে খড়দহ থানার পুলিশকে পুরো বিষয়টি জানায়। সেই অভিযোগ অনুযায়ী পুলিশ খোঁজ খবর নিতে শুরু করে।

খড়দা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভুয়ো কল সেন্টারে হানা দেয় এবং ওই কল সেন্টারের ৭ জন কর্মীকে গ্রেপ্তার করেছে। এই ভুয়ো কল সেন্টারের সাথে আর কে কে জড়িত আছে তারও তল্লাশি চালাচ্ছে খড়দা থানার পুলিশ।
বেশ কিছুদিন আগে পানিহাটির আরএন টেগোর রোডের ওই বাড়িতে আয়া সেন্টার খোলার নাম করে কয়েকজন বাড়িটি ভাড়া নেয়। এরপর প্রতিবেশী ও বাড়ির মালিক দেখেন নিত্যদিন অনেক অচেনা মানুষের আনাগোনা শুরু হয়েছে সেখানে। এরপর তাদের সন্দেহ হয়। কিন্তু বাড়ির মালিক কিছু করার আগেই পুলিশ শনিবার হানা দিয়ে ওই ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করে দেয়।

ধৃতরা হল নিবেদিতা দে, শম্পা দাস, মোনালি দাস, সুমন নাথ, আকাশ শীল সহ আরও ২ জন। তাদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়।

