রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠা দিবস ও দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের (স্বশাসিত) ৬৭তম প্রতিষ্ঠা দিবস ও দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান হয় আজ মঙ্গলবার কলেজের বিধানচন্দ্র রায় মেমোরিয়াল সভাকক্ষে। প্রথম পর্বে মাঙ্গলিক অনুষ্ঠান দিয়ে প্রতিষ্ঠা দিবসের সূচনা হয়। এই পর্বেই কলেজের পত্রিকা সংহিতা ও অনুধ্যান- এর আনুষ্ঠানিক প্রকাশ হয়। ১১ জন পিএইচডি ডিগ্রি প্রাপকদের সম্বর্ধনা ও ২৫ বছর পূর্ণকারি সমস্ত শিক্ষক শিক্ষা কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয়।

দ্বিতীয় পর্বে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা হয়।
উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী, তিনিই সমাবর্তন ভাষণ দেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ধ্রবজ্যোতি চট্টোপাধ্যায়, উপাচার্য সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় (কলকাতা)। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির ও অ্যাকাডেমিক কমিটির সদস্যগণ।

সমাবর্তনে নারী শিক্ষার প্রসারে বিশেষ অবদানের জন্য স্ত্রী-শক্তি পুরস্কার দেওয়া হয় ইতিহাসবিদ ড: অন্নপূর্ণা চট্টোপাধ্যায়কে। স্ত্রী-শক্তি সম্মান তুলে দেন উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী। কলেজের অধ্যক্ষা জয়শ্রী লাহা জানান, “এবছর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এবছরই উত্তীর্ণ ছাত্রীদের ডিগ্রি প্রদান করা হয় এই অনুষ্ঠানে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার সেকশন ও কলেজের সকলের সহযোগিতায় ও অত্যন্ত পরিশ্রমে এটি সম্ভব হচ্ছে। তাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে ও কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাই। যে সমস্ত উত্তীর্ণ ছাত্রীরা সমাবর্তন অনুষ্ঠানে থাকতে পারবে না, তাদের হাতে আগামী রবিবার শংসাপত্র তুলে দেওয়া হবে।” এই সমাবর্তনে ২০১৯-২০২২, ২০২০-২০২৩ শিক্ষাবর্ষ উত্তীর্ণ করা স্নাতক ও ২০২১-২০২২, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপক মোট ১০৯২ জনকে শংসাপত্র তুলে দেওয়া হয়। ১৪২ পড়ুয়াকে সোনা ও রুপোর পদক দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *