সাথী দাস, পুরুলিয়া, ২২ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো অনুদানের ঘোষণার পরই উৎফুল্ল পুরুলিয়ার কমিটি ও ক্লাব কর্মকর্তারা। আজ শারদীয়া উৎসব উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে পুরুলিয়াতেও প্রশাসনিক ও সমন্বয় বৈঠক হয়। বিভিন্ন ব্লক ও পুরুলিয়া সার্কিট হাউসে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে পুজো উদ্যোক্তারা।

এবারের বৈঠকেও নজর ছিল মূলত মুখ্যমন্ত্রীর পুজোর জন্য আর্থিক অনুদানের ঘোষণার দিকেই। বিগত কয়েক বছর ধরে কলকাতা-সহ জেলার দুর্গাপুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার। এ বছর তা বাড়িয়ে ৬০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
১ সেপ্টেম্বর থেকেই বাংলায় দুর্গোৎসবের সূচনার কথা ঘোষণা করেন তিনি। বৈঠক শেষে যোগ দেওয়া পূজো কমিটির সদস্যদের একাংশ উচ্ছ্বাসের সঙ্গে বলেন, “এখানে এমনিতেই বিজ্ঞাপন দাতা, স্পরসর্ড নেই। পাড়ার চাঁদা আর কিছু অনুদানের উপরই পুজোর আয়োজন হয়। রাজ্য সরকারের এই অনুদান অনেকটাই ভরসা যোগাবে।”

এই রাজ্যে প্রায় ৪৩ হাজার নথিভুক্ত দুর্গাপুজো কমিটির প্রত্যেককে ৫০ হাজার টাকার পরিবর্তে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, পুরুলিয়া জেলায় ৬২৮ টি এবং পুরুলিয়া শহরে ৫৭টি নথিভুক্ত পুজো কমিটি ও ক্লাব রয়েছে।

