পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: আজ সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তিন নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নাসরা বেলতলায় ২১ জুলাইয়ের সমর্থনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সদ্য পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পর ভারতীয় জনতা পার্টির জয়ী নব নির্বাচিত পঞ্চায়েত সদস্য গঙ্গারানি সিং সহ ৬২টি পরিবারেট প্রায় আড়াইশো বিজেপি নেতা ও কর্মী সমর্থক সবং বিধানসভা প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইঞার হাত থেকে তৃণমূলের পাতাকা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আবু কালাম বক্স, জেলা তৃণমূল কংগ্রেসের নেতা বিকাশ ভুঁইঞা ও তরুণ মিশ্র, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিকান্ত কর, সহ-সভাপতি বাদল বের।

এদিন মানস ভুঁইঞা বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমাদের কাছে এরকম বহু আবেদন আছে। একবার যদি আমরা দরজা খুলে দিই তাহলে সবংয়ে বিজেপি সিপিএম নির্দল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আজ থেকে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ২০২৪ এ পার্লামেন্ট নির্বাচনের জন্য মানসিকভাবে তৈরি হতে হবে। গতকাল ব্যাঙ্গালোরে দেখেছেন ভারতবর্ষের সমস্ত জাতীয় রাজনৈতিক দলগুলো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জির কথাকে সম্মান দিয়ে এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সবাই জোটবদ্ধ হয়েছে। যারা জয়লাভ করেছেন মানুষের কাছে তাদের যেতে হবে। কোনো অহংকার, দাম্ভিকতা চলবে না। পঞ্চায়েত প্রধান নিয়ে কোনো দলবাজি চলবে না। যারা দলবাজি করবেন তাদের দল থেকে দূরে সরিয়ে দেওয়া হবে।

